ঈদ উপলক্ষে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ
2026-03-09 - 13:34
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ডিজিটাল লেনদেন ব্যবস্থা সচল রাখতে পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসসহ সব ধরনের সেবায় নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে বলা হয়েছে। সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এটিএম বুথগুলো সার্বক্ষণিক চালু রাখা, কারিগরি ত্রুটি হলে দ্রুত সমাধান করা এবং বুথে নিরাপত্তা জোরদার করতে পাহারাদারদের সতর্ক অবস্থানে রাখতে হবে। পাশাপাশি গ্রাহকদের সুবিধার্থে পিওএস সেবাও নিরবচ্ছিন্ন রাখতে হবে। জালিয়াতি প্রতিরোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার জন্যও ব্যাংকগুলোকে উদ্যোগ নিতে বলা হয়েছে। এছাড়া ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ ও অ্যাকাউন্টভিত্তিক লেনদেনে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবস্থা চালু রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে যে কোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। ইএআর/বিএ