TheBangladeshTime

শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির পরও খেলার মাঠ খোলা রাখার নির্দেশ

2026-03-25 - 08:11

দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছে সরকার। বিশেষ করে প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও মাঠ ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে। বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এতে সই করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী। চিঠিতে বলা হয়েছে, শহর ও গ্রাম পর্যায়ে খেলাধুলার মাঠ নির্ধারণ ও ব্যবহারের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ করতে হবে এবং তা নিয়মিত খেলাধুলার কাজে ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে ও ছুটির দিনে আশপাশের ছেলে-মেয়েদের খেলাধুলার সুবিধার্থে মাঠ উন্মুক্ত রাখতে হবে। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের অধীনস্থ সব মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এএএইচ/এমআরএম

Share this post: