‘তেল নেই’ ব্যানার ঝুলানো ফিলিং স্টেশনে মিললো ৯ হাজার লিটার তেল
2026-03-27 - 13:51
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও ‘তেল নেই’ ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখায় একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। তিনি জানান, পাম্পটিতে ‘পাম্পে তেল নেই’ ব্যানার ঝুলিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুত যাচাই করা হয়। এ সময় পাম্পটিতে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেনসহ মোট ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি মজুত পাওয়া যায়। তিনি বলেন, মজুত থাকা সত্ত্বেও বিক্রি না করায় পাম্প কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোহান মাহমুদ/কেএইচকে/এএসএম