TheBangladeshTime

মিশরের কামানের ধ্বনি ও দেশীয় খাবারে আল-আজহার প্রাঙ্গণে ইফতার

2026-03-03 - 02:53

মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘আজহার স্টুডেন্টস ফোরাম’ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রোববার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের আগে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে মিশরের ঐতিহ্যবাহী প্রথা অনুসারে ‘মাদফা আল-ইফতার’ কামান দাগান আল-আজহার বিশ্ববিদ্যালয় আবাসিক হল কর্তৃপক্ষ। কামানের গম্ভীর ধ্বনি কায়রোর আকাশ-বাতাসে প্রতিধ্বনিত হলে উপস্থিত শিক্ষার্থীরা ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠেন। এরপর খেজুর দিয়ে ইফতার সম্পন্ন করে খোলা আকাশের নিচে মাগরিবের সালাত আদায় করে সবাই অনুষ্ঠানস্থলে ফিরে আসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হুজায়ফা মামদূহ এবং সভাপতিত্ব করেন সাকিব মনিরুজ্জামান আজহারী।ইফতারে দেশীয় খাবার পরিবেশনের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়। পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন কারি ওবায়দা বিন আশরাফ এবং নাতে রাসুল পরিবেশন করেন মাহমুদুল হাসান। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কৃতিসন্তান মাওলানা মাহমুদুল হাসান মিল্কি আল-আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরে জাগো নিউজ প্রতিনিধি, প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট আফছারুল হোসাইন এবং মাওলানা রেজাউল ইসলাম আজহারী। কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন মাওলানা শরীফ সালাহউদ্দিন। বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ-বাস্তবতা উপলব্ধি এবং আল-আজহারে আগমনের মূল লক্ষ্য অর্জনে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। একই সঙ্গে রাজনৈতিক সচেতনতা, ইখলাস ও দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ততার ওপরও গুরুত্বারোপ করা হয়। এই ইফতার আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সাক্ষাৎ ও আন্তরিকতা বৃদ্ধি করে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। বিভিন্ন ফ্যাকাল্টি ও অনুষদে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীরা এতে অংশ নেন। এমআরএম/জেআইএম

Share this post: