TheBangladeshTime

হযবরল অবস্থাতেও ভালো আয় করছে শাকিব খানের ‘প্রিন্স

2026-03-24 - 09:00

নির্ধারিত সময়ে সার্ভারে না পাওয়ায় শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ চালাতে পারেনি বেশ কয়েকটি হল। টিকিট কেটেও সিনেমাটি দেখতে না পেরে বেশ কয়েকটি হলে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। অন্যদিকে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমাটি প্রদর্শনের কথা ছিল। তবে সিনেমাটি নিয়ে জটিলতার কারণে সেটিও হয়নি। সিনেপ্লেক্স ছবিটি চালাতে পেরেছে ঈদের দিনের রাত থেকে। আবার সিনেমাটির প্রচারে নিরব রয়েছেন শাকিব খান নিজে। তিনি মালয়েশিয়ায় আছেন। নতুন সিনেমার শুটিং করছেন। এমনি হযবরল সিচুয়েশনেও শাকিব খানের নামে চলছে দর্শকের উন্মাদন। সিনেমাটি মুক্তির তিনদিনে আয় করেছে ৫১ লাখ টাকারও বেশি। তবে এই আয় কেবলমাত্র মাল্টিপ্লেক্স থেকে। ১৩০টিরও বেশি সিঙ্গেল স্ক্রিনের আয় এতে যুক্ত নেই। বিএমআর-এর দেওয়া তথ্যমতে, দ্বিতীয়দিনের তুলনায় তৃতীয়দিন ‘প্রিন্স' সিনেমার কালেকশন কমেছে। গতকাল লায়ন সিনেমাস (৭টি), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (৪টি), মন ইন (৪টি), মনিহার সিনেপ্লেক্স (৪টি), মধুবন সিনেপ্লেক্স (৪টি), শ্যামলী (৪টি), সিনেস্কোপ (৪টি), গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (৫টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ৩৬টি। এর মধ্যে ১৬টি শো হাউজফুল ছিল, অলমোস্ট ফুল গেছে আরও ১টি শো। তিনদিন শেষে `প্রিন্স' সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৫১.৫৪ লক্ষ টাকা। ‘প্রিন্স’ সিনেমাটি ১৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। সেগুলো থেকে প্রাপ্ত আয়ের হিসেব এখনো প্রকাশ পায়নি। ধারণা করা হচ্ছে, অগ্রিম বুকিং মানিসহ সেই হলগুলো থেকেও বেশ মোটা অংকের টাকা আয় করেছে ‘প্রিন্স’। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শিগগিরই হয়তো সেই হিসেব প্রকাশ্যে আসবে। তবে গেল কয়েক বছরে শাকিব খানের কাজ ও পর্দা উপস্থিতিতে যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিলো, তাতে অনেকেই আশাবাদী হয়ে উঠেছিলেন ‘প্রিন্স’ নিয়ে। সেই আশায় প্রত্যাশা অনেকটাই ম্লান বলা যায়। অনেকের দাবি সিনেমাটি ভালো নির্মাণ হয়নি। এর অদক্ষ নির্মাণে ছিলো তাড়াহুড়ো, যার ছাপ স্পষ্ট নানা দৃশ্যে। ভিএফএক্স, সাউন্ড ও গানগুলো নিয়েও আক্ষেপ প্রকাশ করছেন অনেক শাকিবিয়ান ও দর্শক। একমাত্র শাকিব খানের নামের জোরেই চলছে ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা গেছে দুই নায়িকাকে। তাদের একজন তাসনিয়া ফারিণ অন্যজন কলকাতার মেয়ে জ্যোতির্ময়ী। এমআই/এলআইএ

Share this post: