চুয়াডাঙ্গায় বেশি দামে জ্বালানি তেল বিক্রি, মধ্যরাতে অভিযান
2026-03-18 - 03:00
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে পান্না ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ১২টা ৪৬ মিনিটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানকালে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করা হচ্ছিলো। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। গভীর রাতে অভিযান পরিচালনার মাধ্যমে ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের এ পদক্ষেপ স্থানীয়দের কাছে ইতিবাচক হিসেবে বিবেচিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তার এই উদ্যোগের প্রশংসা করা হচ্ছে। ইউএনও পান্না আক্তার জানান, বাজারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। হুসাইন মালিক/এমএন/এমএস