TheBangladeshTime

লন্ডন থেকে আসা মুফতিকে আবার সেখানে পাঠাতে হবে: রাশেদ প্রধান

2026-01-30 - 11:06

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলটির মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, লন্ডন থেকে পলাতক এক মুফতি এসে জায়ামাতকে গুপ্ত বলছে। আসলে তিনিই ১৭ বছর গুপ্ত ছিলেন। তাকে দিল্লি নয় পিন্ডি নয় আবারও লন্ডন পাঠাতে হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। এ সমাবেশের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাশেদ প্রধান বলেন, আগামি ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা ও শাপলা কলিসহ ১১ দলীয় জোটের প্রতীকে ভোট দিয়ে সেই পলাতক মুফতিকে আবার লন্ডন পাঠানোর ব্যবস্থা করবেন। তিনি বলেন, চাঁদাবাজরা জানে না এ দেশের মানুষ কত শক্তিশালী। ওই মুফতি জানে না বাংলার জনগণ একবার ক্ষেপলে শেখ হাসিনার মতো অনেকে পালিয়ে যেতে বাধ্য হবে। জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকার সমাবেশে সভাপতিত্ব করেন। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী, তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। ইকবাল হোসেন মজনু/এমএন/জেআইএম

Share this post: