কুমিল্লায় এবার জেলা প্রশাসনের তদন্ত কমিটি
2026-03-22 - 05:21
কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ১০টায় কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান এ তথ্য জানান। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে। কমিটির অন্য সদস্যরা হলেন- কুমিল্লা বিআরটিএ এর অতিরিক্ত পরিচালক মো. ফারুক আলম, ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন, কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাহাব উদ্দীন ও কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত পরিচালক ইকবাল হোসন। এর আগে রেলওয়ে পক্ষ থেকে ৬ সদস্যবিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। তাদেরকেও আগামী তিন কর্ম দিবসের মধ্যে দুর্ঘটনা কারণ জানাতে বলা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান বলেন, রেলওয়ের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে তাদেরকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে জানাতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে করণীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে, শনিবার (২১ মার্চ) রাতে ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ, ২ নারী ও তিন শিশু মারা যায়। জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম