TheBangladeshTime

ছুটি কাটিয়ে ছুটির দিনে ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে উপচেপড়া ভিড়

2026-03-27 - 06:20

ঈদুল ফিতরের আনন্দঘন ছুটি শেষে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ, অনেককে দাঁড়িয়ে কিংবা দরজার কাছে অবস্থান নিতে দেখা গেছে। শুক্রবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, প্ল্যাটফর্মে নেমেই ব্যস্ত হয়ে পড়ছেন ফিরতি যাত্রীরা। কেউ রিকশা, কেউ বাস কিংবা রাইড-শেয়ারিং সেবার মাধ্যমে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। প্ল্যাটফর্মগুলোতে লাগেজ হাতে ক্লান্ত কিন্তু স্বস্তির হাসি মুখে ঘরে ফেরা মানুষের ভিড় চোথে পড়ে। রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদ পরবর্তী সময়ে ঢাকামুখী যাত্রীর চাপ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তবে ট্রেনগুলো স্টেশনে সময়মতো পৌছানোয় ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌছাতে পারছেন যাত্রীরা। টিকিট পেতে কষ্ট আর অতিরিক্ত ভিড় হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ কাটিয়ে নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। পঞ্চগড় থেকে আসা রহিমুল হক বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরেছি। আবারও কর্মময় জীবন শুরু হবে। যে কয়টা দিন পরিবারের সঙ্গে ছিলাম বেশ আনন্দেই কেটেছে।’ রাজশাহী থেকে আসা আদুরি আক্তার বলেন, ‘শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সঙ্গে ঈদ করেছি। সময়মতো ট্রেন ছেড়েছে, আবার সময়মতো পৌঁছালাম। এখন একটা সিএনজিচালিত রিকশা নিয়ে বাসায় পৌঁছাবো।’ ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, সময়মতো সবগুলো ট্রেন স্টেশনে পৌঁছাচ্ছে। যাত্রীদের কোনো ভোগান্তি নেই। সবাই স্বস্তিতে আসতে পারছে৷ স্টেশন এলাকার সার্বিক পরিবেশ সুন্দর আছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ রেলের কর্মকর্তা-কর্মচারীরা তৎপর রয়েছে। এদিকে, স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রেলওয়ে পুলিশ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তৎপর রয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে আগামী কয়েকদিন ঢাকামুখী মানুষের এই চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এনএস/এসএনআর

Share this post: