মাসুদ উদ্দিন চৌধুরীর সম্পদের তথ্য তলব করবে দুদক
2026-03-25 - 11:50
মানবপাচারের মামলায় রিমান্ডে থাকা এক/এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সম্পদের তথ্য তলবের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার ( ২৫ মার্চ) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, রিক্রুটিং এজেন্সি ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেড সংশ্লিষ্ট চারজনের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন। দুদক যাদের নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, নূর মোহাম্মদ আব্দুল মুকিত, মেহবুবা আফতাব সাথী ও তাসনিয়া মাসুদ। জানা গেছে, এই চারজনই ফাইভ এম ইন্টারন্যাশনালের অংশীদার। মাসুদ উদ্দিন চৌধুরী কোম্পানির এমডি। দুদকের এক কর্মকর্তা আরও বলেন, তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন আগেই কমিশন দিয়েছিল। তবে সে সময় তাদের অবস্থান নিশ্চিত করা না যাওয়ায় নোটিশ পাঠানো হয়নি। মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার হওয়ায় তিনিসহ সংশ্লিষ্টদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির প্রক্রিয়া শুরু করা হয়েছে। এছাড়া ‘মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের’ অভিযোগে করা দুদকের মামলায় সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে এই আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। এ বিষয়ে শুনানির জন্য ৯ এপ্রিল দিন রেখেছেন আদালত। ফাইভ এম ইন্টারন্যাশনালের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগেই গত ১১ মার্চ মাসুদ উদ্দিন চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে এ মামলা করে দুদক। ২০০৭-০৮ সময়ের তত্ত্বাবধায়ক সরকারের সময়ের আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির টিকিটে ফেনী-৩ আসন থেকে এমপি হয়েছিলেন। এর আগে ২৪ মার্চ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া আমাদের কাছে মানবপাচারসহ মোট ৫টি মামলার তথ্য রয়েছে তার বিরুদ্ধে। ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মাসুদ উদ্দিন ২০০৭ সালে এক/এগারোর পট পরিবর্তনের পর গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। এসএম/এমআইএইচএস