TheBangladeshTime

২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে দিনের তাপমাত্রা

2026-03-22 - 06:30

দেশের তিন বিভাগের কয়েকটি অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বৃষ্টি কমে যাওয়ায় দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন ধরে কালবৈশাখী ঝড়ের সঙ্গে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হচ্ছে। ঈদের দিন শনিবারও সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা বেশি ছিল রংপুর ও বরিশাল বিভাগে। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালেই ঢাকায় দেখা মিলেছে সূর্যের। তবে আকাশে মেঘও আছে। মাঝে মাঝেই সূর্য মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে। তবে আজ ঢাকায় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় (১ থেকে ২৫ শতাংশ অঞ্চল) অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল নরসিংদীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে, ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত নেই বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আরএমএম/বিএ

Share this post: