৩৭ দিনের ছুটি শেষে শনিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়
2026-03-26 - 13:30
রোজা, ঈদ ও স্বাধীনতা দিবসের টানা ৩৭ দিনের ছুটি শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী শনিবার (২৮ মার্চ)। এদিন থেকে সারাদেশের সব বিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ছুটি শেষে ২৯ মার্চ রোববার থেকে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা ছিল। তবে শিখন ঘাটতি পোষাতে সাপ্তাহিক ছুটি বাতিল করায় শনিবার থেকেই ক্লাস হবে। ফলে একদিন আগেই খুলছে বিদ্যালয়গুলো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি অনুযায়ী—এবার রোজার ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। অভিভাবকদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ এবং পরবর্তীতে নতুন সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে ১৭ দিন আগেই ছুটি শুরু হয়ে যায়। আরও পড়ুন শনিবারও খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় এদিকে, প্রাথমিক বিদ্যালয়ে শিখন ঘাটতি কমাতে ঈদের ছুটির পর নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী—ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এ দিনগুলোতে যথারীতি ক্লাস নেওয়া হবে। এর মাধ্যমে ছুটির কারণে ক্লাস কম হওয়ায় যে শিখন ঘাটতির সৃষ্টি হয়েছে, তা কমিয়ে আনা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্যমতে, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি। এতে শিক্ষক হিসেবে কর্মরত তিন লাখ ৮৪ হাজার ৯৮১ জন। আর প্রাথমিক স্তরের (প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৬৮৫ জন। এএএইচ/বিএ