‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
2026-03-04 - 07:34
গেলো দেড় বছর টি-টোয়েন্টি ক্রিকেটই বেশি খেলেছে বাংলাদেশ। অন্যদিকে ওয়ানডে যে সিরিজগুলো হয়েছে সেখানে পারফরম্যান্স খুবই নিম্নমুখি। একাধিক ক্রিকেটারই এর জন্য টানা টি-টোয়েন্টি খেলাকে দায়ী করেছেন। আগামী ৯ই মার্চ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে ওয়ানডে সিরিজ। এর আগে বাংলাদেশ ক্রিকেট লিগের এবারের আসর হয়েছে ওয়ানডে সংস্করণে। গতকাল ফাইনালে নর্থকে হারিয়ে শিরোপা জিতেছে সেন্ট্রাল জোন। ম্যাচ শেষে সেন্ট্রালের ব্যাটার সাইফ হাসান বলেন, পাকিস্তানের বিপক্ষে যারা ওয়ানডে খেলবেন তাদের জন্য এই টুর্নামেন্টে দারুণ প্রস্তুতি হয়েছে। নর্থ জোনের বিপক্ষে গতকাল (মঙ্গলবার) ৮৮ রানের ইনিংস খেলে সেন্ট্রাল জোনকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন সাইফ। যদিও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ আছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘সেঞ্চুরির আক্ষেপ সবারই থাকে। তবে জয়ে অবদান রাখায় আলহামদুলিল্লাহ। যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের জন্য এই টুর্নামেন্ট খুব ভালো প্রস্তুতি হলো। চারটা ম্যাচ খেলতে পেরেছি। এখান থেকে যদি নিতে পারি, সামনে প্রস্তুত হয়ে নামতে পারব।’ এবারের বিসিএলে বগুড়া, রাজশাহীতে হয়েছে গ্রুপপর্ব। দুই ভেন্যুর উইকেট নিয়েই সন্তষ্ট ক্রিকেটাররা। সাইফ বলেন, ‘উইকেট ওখানে (বগুড়া-রাজশাহী) খুব ভালো ছিল। এখানেও ভালো ছিল না, তা না। স্পোর্টিং উইকেট ছিল। যেহেতু আমাদের (পাকিস্তান) সিরিজ এখানে। খুব ভালো প্রস্তুতিই হলো। অনেকদিন পর ওয়ানডে ম্যাচে নামছি। যে চার ম্যাচ খেলেছি, অবশ্যই অনেক সহায়তা করবে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ভিন্ন প্যাটার্ন।’ টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও মানিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী সাইফ, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আমার জন্য সুযোগ। যত ইমপ্রেস করতে পারব তত ভালো। ছয়টা ওয়ানডে খেলেছি টি-টোয়েন্টির ফাঁকে ফাঁকে। খুব বেশি ঝামেলা হবে না। প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ এখানে। সবসময় তো একরকম যাবে না। উত্থানপতন থাকবেই। খারাপ সময় কাটিয়ে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ। মাইন্ড ট্রেনিং করেছি। যেহেতু ধারাবাহিকভাবে দুঃসময় যাচ্ছিল। এগুলো অনেক সহায়তা করে। যতই ট্রেনিং-জিম-রানিং করি, মেন্টাল কন্ডিশন খুব গুরুত্বপূর্ণ। সবাই হেল্প করেছে– ফ্রেন্ড, ফ্যামিলি সবাই।’ এসকেডি/আইএইচএস