TheBangladeshTime

ইন্দোনেশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা

2026-03-28 - 09:11

ইন্দোনেশিয়ায় শনিবার থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর আগে দেশটির এক মন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সতর্ক করে বলেন, এ বিষয়ে ‌‘কোনো আপোসের সুযোগ নেই’। অনলাইন পর্নোগ্রাফি, সাইবারবুলিং এবং ইন্টারনেট আসক্তির হুমকির কথা উল্লেখ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি চলতি মাসে কিশোর বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। শিশুদের সুস্থতার ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়তে থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে যোগাযোগমন্ত্রী মেউতিয়া হাফিদ বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম এক্স এবং বিগ লাইভ নতুন নিয়মগুলো সম্পূর্ণরূপে মেনে চলছে এবং নীতিমালা অনুযায়ী, তাদের ব্যবহারকারীর সর্বনিম্ন বয়সসীমা সমন্বয় করেছে। মেউতিয়া বলেন, দেশের অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর উচিত ‘অবিলম্বে তাদের পণ্য, বৈশিষ্ট্য এবং সব পরিষেবাকে প্রযোজ্য প্রবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা’। আমরা আবারও বলছি যে, নিয়ম মেনে চলার বিষয়ে কোনো আপোসের সুযোগ নেই এবং ইন্দোনেশিয়ায় কর্মরত প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে। এদিকে শুক্রবার গভীর রাতে টিকটক এক বিবৃতিতে জানিয়েছে যে, মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে তারা এই বিধিমালা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ অন্তর্ভুক্ত। ইন্দোনেশিয়ার এই নিষেধাজ্ঞা গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় বাস্তবায়িত একটি অনুরূপ নীতিকে অনুসরণ করে বাস্তবায়ন করা হচ্ছে। শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্ভাব্য ক্ষতি নিয়ে বিশ্বব্যাপী যে আলোচনা চলছে, তা সাম্প্রতিক সময়ে আরও জোরালো হচ্ছে। টিটিএন

Share this post: