TheBangladeshTime

ফুটবলারদের এবার ঈদ কাটছে বিদেশের মাটিতে

2026-03-21 - 09:11

এক মাসের সিয়াম সাধনার রোজা শেষে আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। তবে দেশের শীর্ষ ফুটবলারদের কেউই এবার দেশে ঈদ করতে পারছেন না। পুরুষদের জাতীয় দল, ছেলে ও মেয়েদের অনূর্ধ'২০ দলও আজই দেশ ছেড়েছে। তিন দল মিলিয়ে অন্তত ৬৯ জন ফুটবলার ঈদ করছেন দেশের বাইরে। পুরুষদের জাতীয় দল আজ সকালেই ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছেছে। গতকাল ঈদের চাঁদ ওঠার আগেই দেশ ছাড়েন জামাল-জিকোরা। আগামীকাল রোববার ইংল্যান্ড থেকে সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে লেস্টার সিটির তারকা হামজা চৌধুরীর। আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরেরদিন সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে দল। আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে জামালরা। এদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অংশ নিতে থাইল্যান্ডের ব্যাংকক রওনা হয়েছে অনূর্ধ'২০ নারী ফুটবলাররা। দেশে সবাই যখন নামাজ পড়ে ঈদের আনন্দে মাতোয়ারা, তখন তারা মাঝ আকাশে। একই সময়ে ছেলেদের অনূর্ধ'২০ দলও দেশ ছেড়েছে। অনুর্ধ্ব'২০ সাফ চ্যাম্পিয়নশীপে খেলতে ইউএস-বাংলাএয়ারলাইন্সে মালদ্বীপে গিয়েছেন তারা। এসকেডি/এমএস

Share this post: