সাতক্ষীরা সীমান্তে মিললো প্যারাসুট সদৃশ বস্তু-ডিভাইস, এলাকায় চাঞ্চল্য
2026-03-09 - 14:54
সাতক্ষীরার শ্যামনগরের ভারত সীমান্তঘেঁষা কৈখালী ইউনিয়নে প্যারাসুট সদৃশ একটি কাপড় ও এর সঙ্গে সংযুক্ত একটি রহস্যময় ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়েছে। রোববার (৮ মার্চ) সন্ধ্যার দিকে মেন্দিনগর গ্রামে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বস্তুটিকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে গ্রামের একটি ফাঁকা স্থানে প্রথমে প্যারাসুটের মতো বড় একটি কাপড় পড়ে থাকতে দেখেন তারা। পরে কাছে গিয়ে দেখা যায়, কাপড়টির সঙ্গে একটি বিশেষ ধরনের ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত রয়েছে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। খবর পেয়ে গ্রাম পুলিশ সদস্য উৎপল কুমার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং বিষয়টি শ্যামনগর থানা-পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, এটি কোনো আবহাওয়া পর্যবেক্ষণ বা গবেষণার কাজে ব্যবহৃত বেলুনের অংশ হতে পারে। তবে সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি নিয়ে জনমনে কিছুটা উদ্বেগও দেখা দিয়েছে। ডিভাইসটি সচল কি না কিংবা এটি কোথা থেকে ভেসে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শ্যামনগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার পর এর প্রকৃত পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে গ্রাম পুলিশের পাহারায় বস্তুটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। আহসানুর রহমান রাজীব/কেএইচকে/এএসএম