TheBangladeshTime

আড়াই মাসের মধ্যে সব মামলা নিষ্পত্তি হবে: বাণিজ্যমন্ত্রী

2026-03-14 - 15:44

আগামী আড়াই মাসের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেন কাজের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সব মামলা নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (১৪ মার্চ) সিলেট জেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল যত দ্রুত সম্ভব ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের কাজ শেষ করা। এ লক্ষ্যে কাজ শুরু করেছি। আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সব মামলা নিষ্পত্তি করে প্রত্যেকটি ব্লকে পূর্ণ উদ্যমে কাজ শুরু হবে। তিনি আরও বলেন, ঢাকা-সিলেট ছয়লেন প্রকল্পের সঙ্গে সিলেট-চট্টগ্রাম ছয়লেন সড়কও কাছাকাছি সময়ে সম্পন্ন হবে। সিলেট-চট্টগ্রাম সড়কের একটা বড় অংশ ঢাকা-সিলেট সড়কের অংশ। আবার এই সড়ক গিয়ে পড়বে ঢাকা-চট্টগ্রাম সড়কে। এটার মধ্যবর্তী অংশ অর্থাৎ যেটুক ছয়লেন করলে সিলেট-চট্টগ্রাম সড়ক সম্পূর্ণ সেটিও আগামী দিনে প্রকল্প আকারে সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে একনেকে যাবে। সেখান থেকে পাস করে সিলেট-চট্টগ্রাম সড়কও ছয়লেন করা হবে। ঢাকা-সিলেট ডাবল গেজ রেললাইন তৈরি প্রসঙ্গে বলেন, ঢাকা ও সিলেটের মধ্যে রেলপথে যাতায়াতের সময় কমিয়ে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা করার লক্ষ্যে ডাবল গেজ রেললাইন তৈরির প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। সেটিও দ্রুত শেষ করা হবে। সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আহমেদ জামিল/এএইচ/এমএস

Share this post: