TheBangladeshTime

সময় লাগছে দেড় থেকে দুই মিনিট, ৪৫ মিনিটে এক কেন্দ্রে ৯৪ ভোট

2026-02-12 - 03:26

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বাংলাদেশে এই প্রথমবারের মতো একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সময় নিয়ে অনেকে শঙ্কাই ছিল। যে কারণে ভোটের সময় এবার ৯ ঘণ্টা। ঢাকা-২ আসনের আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ে 45 মিনিটে মোট ভোট পড়েছে ৯৪টা। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯২ জন। চারটি বুথে ৯৪টি ভোট পড়ে। এই কেন্দ্রের একটি বুথে মাত্র ১ মিনিট ৩১ সেকেন্ডে জাতীয় নির্বাচনের সাধারণ ভোট ও গণভোট সম্পূর্ণ করেছেন সাইফুল মোল্লা। তিনি আটি পাঁচদোনার বাসিন্দা। চারটি বুথের মধ্যে প্রথম বুথে ১৯, দ্বিতীয় বুথে ২৯, তৃতীয় বুথে ২২ ও চতুর্থ বুথে ২৪টা ভোট পড়ে। দেখা গেছে, ভোটকক্ষে প্রবেশের পরে একটি ভোটার ১ মিনিট ৩০ সেকেন্ড থেকে শুরু করে দুই মিনিট সময় নিচ্ছেন ভোটদানের জন্য। ঢাকা-২ আসনে শান্তি পূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। কেরানীগঞ্জ আটি বাজার পাঁচদোনার বাসিন্দা আব্দুল কাদির (৭৭)। এবারে ভোটের পরিবেশ দেখে তিনি খুব খুশি। ভোটারদের কোথাও ভয়ভীতি দেখানো হয়নি। অন্যান্য ভোটের থেকে এবারের পরিবেশ ভালো বলে দাবি তার। পাঁচ দোনার বাসিন্দা রফিকুল ইসলাম ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এবার আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে এসেছি। কোথাও কোনো সমস্যা নেই। আমাদের কেউ বাধা দেয়নি। আমরা ভালোমতো ভোট দিতে পারছি। তবে সময় একটু বেশি লাগছে বলে দাবি তার। কেন্দ্রে কেন্দ্র উভয় প্রার্থীর এজেন্টেদেরও পাওয়া গেছে। যেমন আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের একটি বুথে দেখা গেছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর আমান উল্লাহ আমানের পোলিং এজেন্ট মোহাম্মদ হযরত আলী ও দাঁড়িপাল্লার পোলিং এজেন্ট মোহাম্মদ ইয়াসিনকে। ভোটের পরিবেশে খুশি উভয় পোলিং এজেন্ট খুশি। পোলিং এজেন্ট হযরত আলী বলেন, আল্লাহর রহমতে আমাদের কোনো অভিযোগ নেই। ভোটের পরিবেশ খুবই ভালো। ঢাকা-২ আসনের ৩৮ নম্বর পুরুষ ভোটকেন্দ্র আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ৪৫ মিনিটে ৯৪টি ভোট পড়েছে। ভোটের পরিবেশ ভালো। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এমওএস/এসএনআর

Share this post: