উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. ছিদ্দিকুর রহমান খান
2026-03-16 - 11:04
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য নিয়োগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ব্রিফিংয়ে তাদের নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানা যায়, ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান ১৯৯৫ সালে বি এ এফ শাহীন কলেজে লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগদান করেন। বর্তমানে এ বিভাগেই অধ্যাপক হিসেবে কর্মরত। ড. ছিদ্দিকুর রহমান খানের গবেষণার প্রধান অধিক্ষেত্র আধুনিক মুসলিম বিশ্বের রাজনৈতিক ক্রমবিকাশ। দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক বিকাশধারা সম্পর্কিত পাঠ ও গবেষণা তার বিশেষ আগ্রহের বিষয়। দেশি-বিদেশি গবেষণা জার্নালে তার ৩০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এএএইচ/বিএ