TheBangladeshTime

বগুড়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল, জামায়াত আমিরকে ক্ষমা চাওয়ার দাবি

2026-02-03 - 10:26

এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমিরের ‌‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলা মহিলা দলের উদ্যোগে শহরের প্রধান সড়কে এই কর্মসূচি পালন করা হয়। স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে শহরের শহীদ খোকন পার্ক এলাকা থেকে মিছিলটি বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সাতমাথা ও থানা মোড় প্রদক্ষিণ করে নবাববাড়ী সড়কের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নারীরা ওই মন্তব্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ঝাড়ু প্রদর্শন করেন। জেলা মহিলা দলের (ভারপ্রাপ্ত) সভাপতি অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুবান বানুর নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহসভাপতি শাহিনুর বেগম, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শহর মহিলা দলের সাধারণ সম্পাদক রঞ্জনা বেগম ও সাংগঠনিক সম্পাদক নিপা আক্তারসহ জেলা ও শহরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার বলেন, ‘জামায়াত আমিরের নারীবিদ্বেষী বক্তব্য চরম অবমাননাকর। নারীরা দেশের মোট জনসংখ্যার অর্ধেক। অথচ তাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। ডা. শফিকুর রহমান নিজে একজন মায়ের গর্ভে জন্ম নিয়েছেন। তার ঘরেও স্ত্রী-সন্তান আছে। এমন কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য তাকে বাংলার মা-বোনদের কাছে ক্ষমা চাইতে হবে।’ এসময় নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তাঁদের এই প্রতিবাদী আন্দোলন অব্যাহত থাকবে। বিতর্কিত ওই পোস্টের বিষয়ে জামায়াতে ইসলামীর দাবি, দলের আমির ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক করে ওই মন্তব্য করা হয়েছে। এসআর/জেআইএম

Share this post: