TheBangladeshTime

হঠাৎ উপজেলা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও কল!

2026-03-23 - 09:30

হঠাৎ এক উপজেলা হাসপাতালে চিকিৎসক খুঁজতে থাকলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সেখানে থাকা চারজনের মধ্যে একজনকেও পেলেন না। চিকিৎসা কেমন চলছে—এমনটা দেখতে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ইনডোর সব জায়গায় কথা বললেন তিনি। ঈদের ডিউটিতে থাকায় শুভেচ্ছা জানিয়ে ছুটিতেও চিকিৎসা কার্যক্রমের খোঁজ নেন প্রতিমন্ত্রী। সোমবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টায় সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা হাসপাতালে এই দৃশ্য দেখা যায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সিরাজগঞ্জ থেকে তাৎক্ষণিক এক ভিডিও কলের মাধ্যমে এই হাসপাতালে খোঁজখবর নেন। ঈদের ছুটিতে তৃণমূলের চিকিৎসাসেবা কার্যক্রমের খোঁজ নিতে প্রতিমন্ত্রী হাসপাতালের ডাক্তারদের ভিডিও কল দেন। প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ সময় তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসাসেবা ভিডিও কলের মাধ্যমে ঘুরে দেখাতে বলেন। ঈদের ছুটিতে পরিবার ছেড়ে যারা চিকিৎসাসেবায় নিয়োজিত আছেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ড. এম এ মুহিত। চিকিৎসকদের মনোবল বাড়াতে তিনি বলেন, ‘আপনারা এই দুর্গম এলাকায় মানুষের ভরসা। আপনাদের ত্যাগের কথা সরকার জানে।’ তবে অনুপস্থিত চিকিৎসকের বিষয়ে তিনি খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। ভিডিও কলের মাধ্যমে প্রতিমন্ত্রী কথা বলেন জরুরি বিভাগের নার্স ও সাধারণ রোগীদের সঙ্গেও। তৃণমূলের মানুষ যেন সঠিক সময়ে সেবা পায়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি সরকারের আগামীর পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ‘আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের করার জন্য একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করেছি। দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ নিশ্চিত করে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।’ এমওএস/এসএইচএস

Share this post: