যুদ্ধে আহত দুই বাংলাদেশিকে দেখতে গেলেন রাষ্ট্রদূত রইস হাসান
2026-03-05 - 10:34
সাইফুল ইসলাম সাইফ, বাহরাইন ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে হাসপাতালে দেখতে গেছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। বুধবার (৪ মার্চ) তিনি কিং হামাদ ইউনিভার্সিটি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন দুইজনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, সাম্প্রতিক হামলায় আহত প্রবাসী নাজিমউদ্দিন ও কামরুল ইসলাম বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাহরাইন ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হাসপাতালে তাদের দেখতে যান। পরিদর্শনের সময় রাষ্ট্রদূত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আহতদের চিকিৎসা নিয়ে আলোচনা করেন এবং তাদের চিকিৎসা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে আহত দুই প্রবাসীর দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় রাষ্ট্রদূত আহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন বলে দূতাবাস জানিয়েছে। এমআরএম