TheBangladeshTime

ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

2026-03-01 - 08:34

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, রোববার তারা ইরাকের কুর্দিস্তান অঞ্চল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইসরায়েলি ও মার্কিন হামলার জবাবে তারা এসব হামলা চালায়। খবর এএফপির। রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কয়েক মিনিট আগে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিমান বাহিনীর পাইলটরা পারস্য উপসাগরীয় দেশ এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকটি পর্যায়ে সফলভাবে বোমা হামলা চালিয়েছে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দেশটির সেনাপ্রধান আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহও। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় তারা নিহত হন। নিহতদের তালিকায় আরও রয়েছেন খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর। এছাড়াও সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। তাদের নাম পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। টিটিএন

Share this post: