TheBangladeshTime

সাফজয়ী আমিনুল থেকে মেজর হাফিজ- নির্বাচনে ক্রীড়াঙ্গনের একঝাঁক তারকা

2026-02-10 - 12:56

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ অনুষ্ঠিত হবে আগামী ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এবার ক্রীড়াঙ্গন থেকে ২৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাফজয়ী গোলরক্ষক আমিনুল হক, জাতীয় দলের সাবেক ফুটবলার মেজর হাফিজ উদ্দিন আহমেদ থেকে দেশের শীর্ষ দুই ক্লাব আবাহনী-মোহামেডানের সাবেক খেলোয়াড় থেকে শুরু করে ক্রীড়া সংগঠকরা আছেন নির্বাচনের মাঠে। তবে বর্তমানে খেলা চালিয়ে যাচ্ছেন এমন কেউ নির্বাচন করছেন না। এর মধ্যে ২৬ জন বিএনপির হয়ে, ১ জন ১১ দলীয় জোটের হয়ে ও বাকি ১ জন নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ভোলা-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন সাবেক ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। জাতীয় দলের সাবেক এই দুর্দান্ত উইঙ্গার ও স্ট্রাইকার তৎকালীন পাকিস্তান জাতীয় দলের হয়েও দক্ষতার সাথে খেলেছেন। ঘরোয়া ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাবে দীর্ঘদিন অধিনায়কত্ব করেছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণের কারণে ফুটবলে কিছুটা ছেদ পড়লেও, দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে ফুটবলার হিসেবে জাতীয় পুরস্কারে ভূষিত হন তিনি। নব্বই দশকের শেষভাগে ক্যারিয়ার শুরু করা আমিনুল হক ২০০৩ সালে বাংলাদেশের ঐতিহাসিক সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের প্রধান কারিগর ছিলেন। ফাইনালে টাইব্রেকারে দুর্দান্ত সেভ করে তিনি দেশকে এনে দিয়েছিলেন প্রথম সাফ শিরোপা। জাতীয় দলের সাবেক এই গোলরক্ষক ঢাকা-১৬ আসনে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ঘরোয়া ফুটবলে আমিনুল ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডানের মতো বড় ক্লাবগুলোতে দাপটের সঙ্গে খেলেছেন এবং দীর্ঘ সময় জাতীয় দলের বিশ্বস্ততার প্রতীক হয়েছিলেন। এবার নির্বাচনের মাঠে হেভিওয়েট ক্রীড়া সংগঠক রয়েছেন বেশ কয়েকজন। মোহামেডানের স্থায়ী সদস্য এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করছেন ঠাকুরগাঁও-১ থেকে। মোহামেডানের আরেক স্থায়ী সদস্য মনিরুল হক চৌধুরী বিএনপির হয়ে কুমিল্লা-৬ আসন থেকে লড়ছেন এবারের নির্বাচনে। একই ক্লাবের সাবেক সহ-সভাপতি শরিফুল আলম কিশোরগঞ্জ-৬ ও স্থায়ী সদস্য ও বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক নোয়াখালী-২ আসন থেকে নির্বাচন করছেন বিএনপির হয়ে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও ঢাকা আবাহনীর সাবেক পরিচালক আলী আসগর লবি এবারের নির্বাচনে ধানের শীষ নিয়ে লড়ছেন খুলনা ৬ আসনে। এছাড়া আবাহনীর প্রতিষ্ঠাকালীন সময়ের সংগঠক সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ঢাকার সাবেক মেয়র ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নির্বাচন করছেন ঢাকা-৬ আসন থেকে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ও মোহামেডানের স্থায়ী সদস্য মির্জা আব্বাস ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু নির্বাচন করছেন নোয়াখালী-৩ আসন থেকে। ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন নরসিংদী-১ আসনে লড়ছেন এবারের নির্বাচনে। বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের অন্যতম স্বত্বাধিকারী নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ-২ আসনে নির্বাচন করছেন। এছাড়া সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী নির্বাচন করছেন মাগুরা-২ আসন থেকে। বিসিবির সাবেক পরিচালক রাশেদুজ্জামান মিল্লাত জামালপুর-১ ও সাবেক ভলিবল খেলোয়াড় ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন নির্বাচন করছেন চাঁদপুর-১ আসন থেকে। এছাড়া আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সভাপতি শেখ ফরিদউদ্দিন আহমদ মানিক চাঁদপুর-৩, বাফুফের কাউন্সিলর ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়-২, বাফুফের কাউন্সিলর শাহ মো. ওয়ারেস আলী মামুন জামালপুর-৫, যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের সভাপতি নবী উল্লাহ নবী ঢাকা-৫, বাড্ডা জাগরনীর উপদেষ্টা এমএ কাইয়ুম ঢাকা-১১, দিলকুশা ক্লাবের সভাপতি হাবিবুর রশিদ হাবিব ঢাকা-৯, বিসিবির কাউন্সিলর ও চট্টগ্রাম ব্লুজের গভর্নিং বডির চেয়ারম্যান মীর হেলাল নির্বাচন করছেন চট্টগ্রাম-৫ আসন থেকে। এছাড়া খুলনা ২ আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য নজরুল ইসলাম মঞ্জু। বিএনপির বাইরে দুজন ক্রীড়া ব্যক্তিত্ব এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাফুফের সাবেক সভাপতি ও এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ চট্টগ্রাম-১৪ আসনে ১১ দলীয় জোট থেকে। ১৯৯২ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন অলি আহমদ। ১৯৯৪ সালের শেষভাগ পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন। আর সাবেক তারকা ফুটবলার সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী মাদারীপুর-১ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করছেন। এসকেডি/আইএইচএস/

Share this post: