TheBangladeshTime

ইয়াবা বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

2026-03-11 - 12:54

বরিশালে ৬২৬ পিস ইয়াবা এবং ছয় লাখ ৫৯ হাজার টাকাসহ এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অধীন রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. এনামুল (৪৫)। তিনি ক্ষুদ্রকাঠী গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, এনামুল দীর্ঘদিন ধরে নিজ বাড়ির দোতলায় বসে রশির মাধ্যমে ইয়াবা বিক্রি করতেন। প্রতিদিনই তার বাড়িতে বহিরাগত অনেক মানুষ ইয়াবা কিনতে আসতেন। বিষয়টি নিয়ে বাড়ির লোকজন একাধিকবার প্রতিবাদ করলেও তিনি মাদক কারবারি বন্ধ করেননি। বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সদস্যরা ছদ্মবেশে ওই বাড়িতে ইয়াবা কিনতে যান। এসময় এনামুল দোতলায় বসে রশির মাধ্যমে তাদের কাছে ইয়াবা বিক্রি করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৬২৬ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ছয় লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার জব্দ করেন। পরে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা এনামুলের ঘরের দোতলায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ অর্থ জব্দ এবং তাকে আটক করি। পরে একটি মামলা তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শাওন খান/এসআর/জেআইএম

Share this post: