পদ্মায় বাসডুবির ঘটনায় এবার নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
2026-03-27 - 05:30
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির কারণ অনুসন্ধানে এবার ছয় সদস্যের কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিদুল ইসলামকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে জেলা প্রশাসক সুলতানা আক্তার এ তথ্য নিশ্চিত করেন। কমিটিতে রাজবাড়ী জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, নৌ পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন করে প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে। এদিকে ঘটনার দিন ২৫ মার্চ রাতে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসারকে সদস্যসচিব করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ কমিটির হলেন, রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক এবং রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক। রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম