TheBangladeshTime

শেষ সময়ে গোল হজম করে হার ভারতের

2026-03-04 - 14:44

চার বছর আগে ঘরের মাঠের নারী এশিয়ান কাপ থেকে মাঝপথে নাম প্রত্যাহার করতে হয়েছিল ভারতকে। ইরানের বিপক্ষে ম্যাচটি খেললেও চাইনিজ তাইপের বিপক্ষে দলই তৈরি করতে পারেনি ভারতীয় শিবিরে করোনা হানা দেওয়ায়। বাধ্য হয়ে নাম প্রত্যাহার করতে হয়েছে ভারতকে। এবার অস্ট্রেলিয়ায় চলমান এএফসি নারী এশিয়ান কাপ সামনে রেখে ভারতের প্রস্তুতি ছিল ব্যাপক। দেশের বাইরে ক্যাম্প করে দলটি উড়ে গিয়েছে অস্ট্রেলিয়া। তবে শুরুটা ভালো হলো না তাদের। বুধবার নিজেদের প্রথম ম্যাচে ভারত শেষ সময়ে গোল খেয়ে ২-১ ব্যবধানে হেরে গেছে ভিয়েতনামের কাছে। ৩০ মিনিটে গোল করে ভিয়েতনাম এগিয়ে গেলেও ভারত দারুণভাবে ম্যাচে ফিরেছিল ৫২ মিনিটে গোল করে। ম্যাচ ৯০ মিনিট পেড়িয়ে ইনজুরি সময়ে গড়ালে মনে হয়েছিল একটি পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ শুরু করতে যাচ্ছে ভারত। তবে ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে থি ভান সু'র গোলে কপাল পোড়ে ভারতের। থি ভানই গোল করে লিড এনে দিয়েছিলেন ভিয়েতনামকে। দ্বিতীয় গোল করে তিনিই দারুণ জয়ে এনে দিয়েছেন দলকে। গ্রুপের অন্য ম্যাচে জাপান ২-০ গোলে হারিয়েছে চাইনিজ তাইপেকে। আরআই/এমএমআর/এএসএম

Share this post: