TheBangladeshTime

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা যৌতুক মামলায় গ্রেফতার

2026-03-08 - 08:54

ময়মনসিংহের নান্দাইলে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা মো. ইন্তেহারুল করিম ওরফে টিপু সুলতানকে (৩৩) যৌতুক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) দুপুরে সংশ্লিষ্ট মামলায় তাকে ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। জেলা উত্তর বিএনপির সদস্য মামুন বিন মান্নানের অনুসারী আসামি ইন্তেহারুল করিম ওরফে টিপু সুলতান নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। তবে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তিনি বহিষ্কার হন। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৫ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর করার অভিযোগে গত ৬ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিথী। ওই মামলায় শনিবার রাতে আসামি ইন্তেহারুল করিম ওরফে টিপু সুলতানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, মামলায় টিপু সুলতান ছাড়াও আরও ৩ জনকে আসামি করা হয়েছে। তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে। কামরুজ্জামান মিন্টু/এমএন/জেআইএম

Share this post: