নেপালের নির্বাচন: ভোটের লড়াইয়ে এগিয়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র দল
2026-03-06 - 09:24
নেপালের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা এবং ২০২৫ সালের রক্তক্ষয়ী ‘জেনারেশন জেড’ এর অভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, নতুন রাজনৈতিক শক্তি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) এক বিশাল জয়ের পথে এগিয়ে যাচ্ছে। শুক্রবার (৬ মার্চ) দুপুর পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী প্রাথমিক ফলাফলের চিত্র, প্রতিনিধি সভার প্রত্যক্ষ ভোটের লড়াইয়ে আরএসপি অভাবনীয় সাফল্য দেখাচ্ছে। স্বতন্ত্র পার্টি (আরএসপি) ৯০টি আসন,নেপালি কংগ্রেস ৯টি আসন, সিপিএন-ইউএমএল ৮টি আসন, নেপালি কমিউনিস্ট পার্টি ৭টি আসন এবং অন্যান্য ১টি আসনে জয়ের খবর পাওয়া গেছে। নির্বাচন কমিশনের মুখপাত্র প্রকাশ নিউপানে জানিয়েছেন, পাহাড়ি জেলা থেকে শুরু করে তরাই অঞ্চল-সবখানেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে। এবারের নির্বাচনে মোট ৫৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে নেপালের এবারের নির্বাচনে ঝাপা-৫ আসনের দিকে সবার নজর রয়েছে। সেখানে নেপালের দীর্ঘদিনের প্রভাবশালী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির মুখোমুখি হয়েছেন কাঠমান্ডুর সাবেক মেয়র এবং জনপ্রিয় র্যাপার বলেন্দ্র শাহ (বালেন)। প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, এই হেভিওয়েট লড়াইয়ে অলিকে পেছনে ফেলে বালেন শাহ একটি শক্তিশালী লিড বজায় রেখেছেন যা দেশটির পুরোনো রাজনৈতিক দলগুলোর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নেপাল এক ভয়াবহ অস্থিরতা প্রত্যক্ষ করেছে। দুর্নীতি, বেকারত্ব এবং সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে যুবসমাজ রাজপথে নেমে আসে। এই বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ৭৭ জন বিক্ষোভকারী নিহত হন। তীব্র আন্দোলনের মুখে অলি সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং সুশীলা কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া কে এম