ইমাম-মুয়াজ্জিন ও পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ অনুদান দিলো ডিএসসিসি
2026-03-17 - 10:34
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ঈদের অনুদানের টাকা হস্তান্তর করা হয়েছে। এছাড়া ডিএসসিসির নিজস্ব তহবিল থেকে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ঈদের অনুদান হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নগর ভবনে পৃথক অনুষ্ঠানে এসব অনুদান হস্তান্তর করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের সম্মান ও সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী গত ১৫ মার্চ সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে অনুদানের চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মোট ৪ হাজার ৯৫০ জন পরিচ্ছন্নতাকর্মীর অনুকূলে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে মোট দুই কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। আজ নগর ভবনে ডিএসসিসি প্রশাসক আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের কাছে বরাদ্দ অর্থ তুলে দেন। পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী যেমন আপনাদের কাছে ঈদ উপহার তুলে দিয়েছেন, ঠিক তেমনই আপনাদের দায়িত্ব প্রধানমন্ত্রীকে ক্লিন সিটি, গ্রিন সিটি উপহার দেওয়া। আরও পড়ুন অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি আতিক মুজাহিদ প্রধানমন্ত্রী মহানগর নিয়ে খুবই সিরিয়াস: ডিএসসিসি প্রশাসক পৃথক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এক হাজার ৮৭০ জন ইমামকে জনপ্রতি তিন হাজার টাকা এবং এক হাজার ৮৭০ জন মুয়াজ্জিনকে জনপ্রতি এক হাজার ৫০০ টাকা করে মোট ৮৪ লাখ ৫০ হাজার টাকা ঈদ অনুদান হিসেবে হস্তান্তর করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশে মো. আবদুস সালাম বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে নাগরিকদের সু-অভ্যাস গড়ে তুলতে ইমামদের নেতৃত্ব দিতে হবে। এসময় তিনি পরিচ্ছন্ন নগর গড়তে জনমত তৈরি করতে সুশীল সমাজের অন্যতম অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সহযোগিতা ও পরামর্শ চান। এসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার প্রমুখ। এমএমএ/কেএসআর