ঢাকা-৭ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াত প্রার্থী এনায়াতের
2026-02-13 - 14:46
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়াত উল্লাহ। এরই মধ্যে এ সংক্রান্ত একটি আবেদনও তিনি নির্বাচন কমিশনে (ইসি) দিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান মো. এনায়েত উল্লাহ। তিনি বলেন, ধানের শীষের অনেকগুলো বান্ডিলে ১০০টি ব্যালট পেপার না দিয়েই গণনায় ১০০ হিসাবে দেখানো হয়েছে। দাঁড়িপাল্লার পোলিং এজেন্টের ভয়ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দিয়ে তারপর রেজাল্ট শিট তৈরি করা হয়েছে। দাঁড়িপাল্লার এজেন্টদের আপত্তি উপেক্ষা করা হয়েছে। অনেক পোলিং এজেন্টকে রেজাল্ট শিটের মূল কপি সরবরাহ করা হয়নি। মো. এনায়েত উল্লাহ আরও বলেন, ভোট গণনার মাঝামাঝি সময়ে এসে ম্যানুপুলেশন/রিগিংয়ের উদ্দেশ্যে গণনায় অহেতুক দেরি করা হয়েছে। কাউন্টার পার্টে এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি। প্রিসাইডিং অফিসারের এসব অনিয়মকে তুলে ধরে ১২ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসার কার্যালয়ে লিখিত আপত্তি জানানো হয়েছে। তিনি বলেন, সার্বিকভাবে এসব অনিয়মের কারণে নির্বাচনি এলাকার ভোটারদের রায়ের সঠিক প্রতিফলন হয়নি। ভোট পুনর্গণনা হলে এসব অনিয়মের সত্যতা প্রকাশিত হবে, সঠিক ভোট সংখ্যা জানা যাবে। অনতিবিলম্বে ফলাফল ঘোষণা স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি। আরএএস/এমএমকে