TheBangladeshTime

ইরানের বাসিজ মিলিশিয়া ইউনিটের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

2026-03-17 - 09:34

ইরানের বাসিজ মিলিশিয়া ইউনিটের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী এই দাবি করেছে। পোস্টে বলা হয়, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান বাহিনী গতকাল তেহরানের কেন্দ্রস্থলে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং এতে তিনি নিহত হয়েছেন। তবে এ দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান। যদি এই দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে চলমান যুদ্ধে এটি হবে সবচেয়ে উচ্চপর্যায়ের হত্যাকাণ্ডগুলোর মধ্য অন্যতম। এর আগে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে যৌথ হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, সোলাইমানির জন্ম ১৯৬৫ সালে। বাসিজ বাহিনীর মাধ্যমে ভিন্নমত দমনে জড়িত থাকার অভিযোগে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। সূত্র: আল-জাজিরা এমএসএম

Share this post: