আওয়ামী লীগ শাসনামলের ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে
2026-03-15 - 06:04
আওয়ামী লীগের শাসনামলে যেসব পরিবার সরকারি ভাতাসহ নানান সুযোগ সুবিধা পেয়েছে, সেসব ভাতাভোগীর বিষয়ে তদন্তের দাবি করেছেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট আমলে শুধুমাত্র আওয়ামী লীগের পরিবারগুলো সরকারের নানান সুযোগ সুবিধা পেয়েছে। প্রকৃত ভাতাভোগী যদি বিএনপি পরিবার হয় তবে তারা বঞ্চিত ছিল। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এক প্রশ্নোত্তর পর্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে ভাতা ভোগীদের তথ্য যাচাই করার দাবি জানান রেজা আহমেদ। রেজা আহমেদ বলেন, ভাতা বিতরণে অনিয়ম ও রাজনীতিকরণ করা হয়েছে। ২০০৮ সালে বিএনপি সমর্থিত চেয়ারম্যানরা নির্বাচিত হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ সরকার তাদের কোনো ভাতা দিতে দেয়নি। পরিবর্তে তৎকালীন সংসদ সদস্যরা তাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জোর করে এসব ভাতা বিতরণ করেছেন। আরও পড়ুন সংসদ অধিবেশন শুরু গ্রাহকের চাহিদা মতো জ্বালানি তেল বিক্রি শুরু, মজুত করলে ব্যবস্থা তদন্ত ও ভাতা বৃদ্ধির দাবি করে তিনি বলেন, অতীতে প্রকৃত দুস্থ নারীরা ভাতা পেয়েছেন কি না- তা তদন্ত করা হবে কি না এবং ভবিষ্যতে ভাতার পরিমাণ বাড়ানো হবে কি না? এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পুতুল জানান, বিতরণ পর্যায়ে নানান অনিয়ম ও টাকা চাওয়ার অভিযোগ তাদের কাছেও এসেছে, যা একটি বড় ধরনের দুর্নীতি। সরকার বর্তমানে ‘ফ্যামিলি কার্ড’ নামের একটি বড় প্রোগ্রাম চালু করেছে। প্রতিমন্ত্রী জানান, তারা চেষ্টা করছেন একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে সব সুবিধাভোগীকে একটি কার্ডের আওতায় নিয়ে আসতে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়। দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা কাটিয়ে উঠে সাধারণ মানুষকে সহায়তার মাধ্যমে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। ফারজানা শারমিন পুতুল আরও বলেন, যারা ভাতা পাওয়ার যোগ্য তারাই পাবেন। এটা রিশাফল করা হবে। সত্যিকারে যারা পাওয়ার যোগ্য তারা যেন পায় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। এমওএস/কেএসআর