TheBangladeshTime

ঢাকায় এসেছেন পাকিস্তানের কোচিং স্টাফ, কাল আসছেন খেলোয়াড়রা

2026-03-07 - 13:03

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় পাকিস্তান সিরিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। দেশটির গণমাধ্যমে সিরিজের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখিয়ে সংবাদও প্রকাশ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত শঙ্কা কেটে যাচ্ছে। ইতিমধ্যে পাকিস্তান দলের কোচিং স্টাফরা ঢাকায় চলে এসেছেন। আজ শনিবার দুপুরে ঢাকায় পা রাখেন দলটির কোচিং স্টাফের সদস্যরা। আর খেলোয়াড়রা বাংলাদেশে আসবেন আগামীকাল রোববার। পাকিস্তানের হেড কোচ মাইক হেসনসহ দলের সাপোর্ট স্টাফ অ্যাশলে নোকফি, শেন ম্যাকডরমট, ক্লিফ ডেকন এবং গ্র্যান্ট লুডেনকে বহনকারী লঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই দফায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সফরের স্কোয়াডে বড়সড় পরিবর্তন এনেছে পিসিবি। বাবর আজম ও সাইম আইয়ুবের মতো তারকা ব্যাটাররা বাদ পড়েছেন এই সফর থেকে। আর ফখর জামান চোটের কারণে ছিটকে গেছেন দল থেকে। শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন স্কোয়াডে ৬ জনের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি। আগামী ১১ই মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। বাংলাদেশ সফরে পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, শাহিবজাদা ফারহান, সালমান আগা এবং শামিল হোসেন। এসকেডি/আইএন

Share this post: