TheBangladeshTime

মিরাজের সঙ্গে ছবি, পোস্ট দিলেন জাকির নায়েক

2026-03-26 - 12:11

ছবির ওপরে লেখা, ইন্টারেকশন উইথ মুসলিম স্পোর্টসম্যান। নিচের দিকে পরিচয় লেখা, ‘মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম’। মেহেদী হাসান মিরাজের সঙ্গে তোলা ছবি এভাবেই নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে শেয়ার করলেন জনপ্রিয় ও আলোচিত ইসলামিক স্কলার ড. জাকির নায়েক। ছবির ক্যাপশনেইও লিখেছেন একই কথা। আজ বিকেলের দিকে প্রথম এই ছবি পোস্ট করেছিলেন জাকির নায়েক। তবে সেখানে খেলোয়াড়ের নাম ভুল লিখেছিলেন। মেহেদী হাসান মিরাজের জায়গায় লিখেছিলেন, নাজমুল হোসেন শান্ত। কিছুক্ষণ পর দেখা যায়, ছবিটা ডিলিট করে দেয়া হয়েছে। বোঝাই গেছে যে, ভুল বুঝতে পেরে ছবিটা ডিলিট করে দেওয়া হয়েছে। এরপর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আবারও একই ক্যাপশন ও ছবি দিয়ে পোস্ট করেন ড. জাকির নায়েক। তবে এবার আর ভুল করেননি। মেহেদী হাসান মিরাজের নামই লিখেছেন তিনি। ড. জাকির নায়েক একজন ভারতীয় হলেও দেশটির সরকারের রোশানলে পড়ে পাড়ি জমান মালয়েশিয়ায়। সেখানে পুত্রজায়ায় বসবাস করেন তিনি। রমজানের শেষ দশকে (পাকিস্তান সিরিজ শেষে) বাংলাদেশ দলের অধিনায়ক (ওয়ানডে) মেহেদী হাসান মিরাজ ওমরাহ পালন করতে যান সৌদি আরবের মক্কায়। সেখানেই হয়তো আলোচিত ইসলামিক স্কলার ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ হতে পারে মিরাজের। যদিও ড. নায়েক মিরাজের সঙ্গে ছবিটা কোথায় তুলেছেন সে ব্যাপারে কিছুই লিখেননি। তবে ফেসবুকে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই মিরাজের এই ছবিটা রীতিমত ভাইরাল। ৫০ মিনিটেই ৩০ হাজার রিঅ্যাকশন, দেড় হাজার মন্তব্য এবং সাড়ে তিনশর বেশি শেয়ার হতে দেখা গেছে। আইএইচএস/

Share this post: