TheBangladeshTime

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, যাত্রীদের জন্য আপাতত বিকল্প ট্রেন

2026-03-19 - 02:30

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধারকাজ চলছে। তবে লাইন সচল হতে আরও অন্তত ১২ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে বুধবার (১৮ মার্চ) ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর ঘরমুখী যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প হিসেবে ট্রান্সশিপমেন্ট বা ট্রেন পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। অর্থাৎ পঞ্চগড় বা উত্তরবঙ্গ থেকে আসা ট্রেন এবং ঢাকা থেকে যাওয়া ট্রেনগুলো দুর্ঘটনার দুই পাশে অবস্থান করবে এবং যাত্রীরা হেঁটে দুর্ঘটনাস্থল পার হয়ে অন্য পাশের ট্রেনে উঠে গন্তব্যে রওনা দেবেন। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীরা দুর্ঘটনার স্থলের দুই পাশে থাকা ট্রেন পরিবর্তন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রীরা ট্রেন পরিবর্তন করে যাতায়াত করবেন। এর মধ্যে রয়েছে: ১. পঞ্চগড় ও একতা এক্সপ্রেস: এই দুটি ট্রেন ব্যবহার করে ঢাকা-পঞ্চগড়-ঢাকা রুটের যাত্রীদের ট্রান্সশিপমেন্ট করা হবে। ২. দ্রুতযান ও একতা এক্সপ্রেস: এই দুটি ট্রেনের মাধ্যমেও ঢাকা ও পঞ্চগড়ের মধ্যে যাত্রী বিনিময় হবে। ৩. সীমান্ত ও রূপসা এক্সপ্রেস: খুলনা ও নীলফামারী রুটে চলাচলকারী এই দুটি ট্রেনের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট চলবে। ৪. পার্বতীপুর স্পেশাল ও বাংলাবান্ধা/কাঞ্চন: এই ট্রেনগুলোর মাধ্যমে ঢাকা-পার্বতীপুর রুটের যাত্রীদের পারাপার করা হবে। ৫. তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস: রাজশাহী ও চিলাহাটি রুটের যাত্রীরা এই দুটি ট্রেনের মাধ্যমে গন্তব্যে পৌঁছাবেন। ৬. কুড়িগ্রাম এক্সপ্রেস: ৭৯৭ নম্বর কুড়িগ্রাম এক্সপ্রেসটি ভায়া বগুড়া হয়ে কুড়িগ্রাম চলাচল করবে। তবে ৮০৪ নম্বর বাংলাবান্ধা এক্সপ্রেসের (আক্কেলপুর-রাজশাহী) বুধ এবং বৃহস্পতিবারের (পঞ্চগড়-রাজশাহী) যাত্রা বাতিল করা হয়েছে। অতিরিক্ত মহাপরিচালক নাজমুল ইসলাম জানান, লাইনচ্যুত নয়টি বগি উদ্ধার করতে আরও বেশ সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত বিকল্প এই ব্যবস্থায় যাত্রী পরিবহন করা হবে। এর আগে বুধবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের নয়টি বগি সান্তাহারের কাছে লাইনচ্যুত হয়। এতে অর্ধশত যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। এদিকে হঠাৎ এই দুর্ঘটনায় এবং ট্রান্সশিপমেন্টের কারণে সান্তাহারসহ বিভিন্ন স্টেশনে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী রিলিফ ট্রেনগুলো দ্রুত কাজ করছে এবং দ্রুততম সময়ের মধ্যে লাইন সচল করার চেষ্টা চলছে। এফএ/এমএস

Share this post: