আব্দুর রউফ চৌধুরী প্রজন্ম প্রান্তিক সম্মাননা পাচ্ছেন ১০ কবি-লেখক
2026-03-18 - 05:40
দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর স্মৃতিকে ধারণ করে প্রতি বছরের মতো এ বছরও ‘আব্দুর রউফ চৌধুরী প্রজন্ম প্রান্তিক সম্মাননা ২০২৬’ ঘোষণা করা হয়েছে। দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী স্মৃতি পর্ষদ দেশের বিভিন্ন ধারার সাহিত্যচর্চায় অবদান রাখা তরুণ সাহিত্যিকদের স্বীকৃতি জানাতেই এ সম্মাননা দিচ্ছে। আয়োজকরা জানান, তরুণ সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের স্বীকৃতি হিসেবে প্রজন্ম প্রান্তিক সম্মাননা ২০২৬ পাচ্ছেন— ছোটকাগজ সম্পাদক আপন অপু (লক্ষ্মীপুর), পাঠাগার আন্দোলনের কর্মী আলমগীর মাসুদ (ফেনী), গল্পকার ইসরাত জাহান (পটুয়াখালী), কবি কানিজ পারিজাত (ফরিদপুর), গল্পকার কামরুন্নাহার দিপা (মেহেরপুর), ঔপন্যাসিক রাশেদ রেহমান (সিরাজগঞ্জ), কবি শব্দনীল (বাগেরহাট), কথাসাহিত্যিক সালাহ উদ্দিন মাহমুদ (মাদারীপুর), কথাসাহিত্যিক সিদ্দিকী হারুন (হবিগঞ্জ) এবং গীতিকাব্য রচয়িতা সিরাজিয়া পারভেজ (সাতক্ষীরা)। আরও পড়ুন আব্দুর রউফ চৌধুরী স্মারক সম্মাননা পাচ্ছেন ৪ কবি-লেখক স্মৃতি পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৪ এপ্রিল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির সভাপতি লেখক ও গবেষক আবুল কাসেম ফজলুল হক। আব্দুর রউফ চৌধুরী স্মৃতি পর্ষদের মহাসচিব কথাসাহিত্যিক শামস সাঈদ জানান, সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ ও উদ্দীপিত করতেই এ সম্মাননা প্রদান করা হচ্ছে। সম্মাননাপ্রাপ্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন—তাদের সৃজনশীল সাধনা ও আলোকিত পথচলা ভবিষ্যতে বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে। আরও পড়ুন আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক পাচ্ছেন দুই লেখক প্রসঙ্গত, দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর সাহিত্যিক উত্তরাধিকারকে স্মরণ ও নতুন প্রজন্মের সাহিত্যিকদের উৎসাহিত করার লক্ষ্যেই এ পুরস্কার প্রবর্তন করা হয়েছে। এসইউ