TheBangladeshTime

সিলেটে এক বছরে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৭৩৯ জন

2026-03-24 - 09:21

সিলেট বিভাগে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এক বছরের ব্যবধানে সিলেটে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় দুই হাজার। মঙ্গলবার (২৪ মার্চ) বিশ্ব যক্ষ্মা দিবসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে সিলেট বিভাগে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৭৬১জন। ২০২৪ সালে বিভাগে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার ২২জন। সে হিসেবে এক বছরে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা বেড়েছে এক হাজার ৭৩৯জন। ২০২৫ সালে সারাদেশে ৩৪ লাখেরও বেশি মানুষের নমুনা পরীক্ষা করে তিন লাখ ২২ হাজার ৮৫০ জনের যক্ষ্মা শনাক্ত হয়েছে। প্রতি বছরের ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়। এ বছর যক্ষ্মা দিবসের প্রতিপাদ্য ছিল ‘দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে, আমরাই পারবো যক্ষ্মা নির্মূল করতে’। জানা গেছে, সারাদেশের মতো সিলেটেও বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। তবে প্রতিবছর এ অনুষ্ঠান নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিদের নিয়ে পালন করে সিলেটের স্বাস্থ্য বিভাগ। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রকাশিত তথ্যমতে ২০২৫ সালে সারাদেশে সারাদেশে ৩৪ লাখেরও বেশি লোকের নমুনা পরীক্ষা করে ৩ লাখ ২২ হাজার ৮৫০ জনের যক্ষ্মা শনাক্ত হয়েছে। তারমধ্যে ঢাকা বিভাগে ৯২ হাজার ২৭১ জন, চট্টগ্রামে ৫৯ হাজার ৭৯১ জন, রাজশাহীতে ৩৭ হাজার ৭০৪জন, রংপুরে ৩২ হাজার ৮৪৯জন, খুলনায় ৩৩ হাজার ৪০৪জন, বরিশালে ১৯ হাজার ১০৭ জন, সিলেটে ২৩ হাজার ৭৬১জন ও ময়মনসিংহ বিভাগে ২৩ হাজার ৬০০ জনের যক্ষ্মা শনাক্ত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৫ সালে দেশে যক্ষ্মায় মৃত্যুর হার ছিল প্রতি লাখে ৪২জন। ২০২৪ সালে তা কমে এসে দাঁড়িয়েছে ২৫ জনে। আহমেদ জামিল/আরএইচ/এএসএম

Share this post: