পশ্চিমবঙ্গে রান্নার গ্যাসের জন্য হাহাকার, থানার সামনে বিক্ষোভ
2026-03-29 - 04:00
রান্নার জন্য গ্যাস না পেয়ে পশ্চিমবঙ্গে থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৮ মার্চ) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাখায় এই বিক্ষোভ হয়। গ্রাহকদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে রান্নার জন্য গ্যাস পাচ্ছেন না তারা। শনিবার ভোরে গ্যাসের জন্য লাইন দেওয়া হয়েছে। কিন্তু গ্যাস ডিস্ট্রিবিউটার অফিসের সামনে পাঁচ থেকে ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাননি তারা। সকালে গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসের বাইরে ‘গ্যাস পাওয়া যাবে না’ নোটিশ ঝুলিয়ে দেওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন তারা। এরপরই তারা মিনাখা থানার সামনে এসে বিক্ষোভ শুরু করেন। নিরঞ্জন বাড়ুই নামের এক বিক্ষোভকারী বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছি না। গ্যাস অফিস বন্ধ করে চলে গেছে।আমাদের গ্যাস দেওয়া হোক। চন্দ্রশেখর নামের অন্য এক বিক্ষোভকারী বলেন, গ্যাসের জন্য আমরা বিক্ষোভ করছি। বুকিং করেও রান্নার গ্যাস পাচ্ছি না। সকাল থেকে দাঁড়িয়ে থাকার পরও গ্যাস পাচ্ছি না। হঠাৎ করে দেখছি নোটিশ ঝুলিয়ে দেওয়া হচ্ছে- যেখানে লেখা রয়েছে গ্যাস আসলে তারপর দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, কালোবাজারির মাধ্যমে অনেকে গ্যাস পাচ্ছেন, কিন্তু আমরা পাচ্ছি না। ডোমেস্টিক গ্যাস থেকে আমরা বঞ্চিত হচ্ছি। গ্যাস না পেয়ে থানার সামনে বিক্ষোভ করেন পাচু গোপাল সরকার। তিনি বলেন, ডোমেস্টিক গ্যাস পাচ্ছি না বলে আমরা বিক্ষোভ করছি। ভোর ৫টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পরও গ্যাস পাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের গ্যাস দেওয়া হোক। ডিডি/এমআইএইচএস/