TheBangladeshTime

বিজয়-সৈকতদের বিরুদ্ধে প্রমাণ থাকলে সেটা প্রকাশ করা হচ্ছে না কেন?

2026-03-04 - 15:54

তিনি বরাবরই ক্রিকেটারদের পক্ষে কথা বলেন। এবারও এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতদের পাশে এসে দাঁড়ালেন খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের এ সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড পরিচালক প্রশ্ন তুলেছেন, বিজয়-সৈকতরা সত্যিই দোষী কিনা, তা কেন বলা হচ্ছে না? তারা দোষী সাব্যস্ত হয়ে থাকলে তা কেন আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে না? সবার জানা, বিসিবির ‘ইন্টিগ্রিটি ইউনিট’-এর প্রধান অ্যালেক্স মার্শালের পরামর্শেই এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও শফিউল ইসলামসহ ৯ ক্রিকেটারকে বিপিএল থেকে বিরত রাখার পরামর্শ দেওয়া হয়। আইসিসির দুর্নীতি দমন সংস্থার এ সাবেক প্রধানের প্রেসক্রিপশন মেনেই বিজয়-সৈকতদের বিপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল। মাঝের সময়ে বারবার নিজেকে নির্দোষ দাবি করা এনামুল হক বিজয় ওমরাহ শেষে দেশে ফিরে গতকাল মঙ্গলবার বোমা ফাটিয়েছেন। তার কথা, ‘আমি দোষী, এটা বলে দিলেই হয়। আর যদি আমি নির্দোষ প্রমাণিত হই, তাহলে এবার যে বিপিএল খেলতে পারলাম না, আমার মান-মর্যাদা হানি হলো। সবাই আমাকে ভেতরে ভেতরে ফিক্সার সন্দেহ করে—এর প্রতিকার কী?’ বিজয়ের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি বিসিবিকে ইঙ্গিত করে জাতীয় দলের সাবেক ম্যানেজার ও টিম ডিরেক্টর সুজন জাগো নিউজকে বলেন, ‘যদি আপনার কাছে কোনো প্রমাণ না থাকে, তাহলে কেন আপনি খেলতে দিচ্ছেন না। আবার আপনি প্রমাণও দিচ্ছেন না। ও (বিজয়) তো বলল ডাইরেক্টলি, না (এমন কিছু করিনি)।’ বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘যদি বিজয় সত্যি অন্যায় করে থাকে, আর বোর্ডের কাছে তার প্রমাণ থাকে, তাহলে সেই এভিডেন্সটা দিয়ে দিলেই তো হয়। খালি আপনি একজনকে সন্দেহ করছেন। সন্দেহ তো সবাই করতে পারে।’ সুজনের শেষ কথা, ‘বিজয়-মোসাদ্দেকসহ যখন ৯ ক্রিকেটারের বিপিএল খেলা বন্ধ রাখা হয়েছিল, তখন মনে হচ্ছিল নিশ্চয়ই কোনো বড় দলিল আছে তাদের (অ্যালেক্স মার্শাল, বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল) কাছে। কিন্তু প্রশ্ন হলো, সেই তথ্য-প্রমাণ আপনি ওপেন করে দেন না কেন? বিজয়কে সেটা বলে দিলে, মানে পাবলিকলি জানিয়ে দিলেই তো ল্যাঠা চুকে যায়।’ এআরবি/এমএমআর

Share this post: