TheBangladeshTime

এক্সপ্রেসওয়েতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবক আটক

2026-03-08 - 04:34

শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় গাড়ি থেকে চাঁদাবাজির ঘটনায় জুয়েল হাওলাদার নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) রাতে উপজেলার নাওডোবা ইউনিয়নের কালু বেপারী কান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জুয়েল হাওলাদার ওই এলাকার মেরাজ হাওলাদারের ছেলে। এর আগে বিকেলে তার বিরুদ্ধে প্রাইভেটকার থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস, প্রাইভেটকার থামিয়ে বেশ কিছুদিন ধরে চাঁদা তুলে আসছিলেন নাওডোবা কালু বেপারী কান্দি এলাকার মেরাজ হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার। শনিবার দুপুরে ওই সড়ক ধরে ভাড়ার প্রাইভেটকারে ঢাকায় ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন স্থানীয় সাংবাদিক আহম্মেদ সাগর। এসময় ওই যুবক তার প্রাইভেটকারের চালকের থেকে দুইশো টাকা চাঁদা নেন। বিষয়টি তখন গোপনে মুঠোফোনে ক্যামেরাবন্দি করেন সাগর। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে আটক করে পুলিশ। ক্যামেরাবন্দি ভিডিওটিতে দেখা যায়, ফুলহাতা শার্ট পরিহিত এক যুবক প্রাইভেটকার চালকের কাছ থেকে চাঁদা দাবি করেন। তখন তাকে বলতে শোনা যায়, এগুলো কওয়া লাগে নাকি বুঝেন না। পরে ড্রাইভার তাকে কিছু টাকা হাতে তুলে দিলে হাঁটা শুরু করেন। এক পর্যায়ে পাশের সিটে বসে থাকা সাগর তাকে কে চাঁদা নিতে বলেছে প্রশ্ন করলে তিনি উত্তর দেন, আমরাই নিই। এটা শিবচর না, শরীয়তপুর। ওই হিসাব এখানে কইরা লাভ নাই। তখন সাগর পুনরায় প্রশ্ন করেন শরীয়তপুরের মানুষ কি চাঁদাবাজি করে? তখন সে উত্তর দেয় আপনার সমস্যা কী? একপর্যায়ে দুজন তর্কে জড়িয়ে পড়লে ওই যুবক নিজেকে রানা নামে পরিচয় দেন। এ ব্যাপারে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, চাঁদাবাজির অভিযোগে জুয়েল নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। বিধান মজুমদার অনি/এফএ/জেআইএম

Share this post: