TheBangladeshTime

মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে

2026-03-17 - 15:00

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে কাজ করে যাচ্ছে। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কষ্টে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা ও প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রামের গট্টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আমাদের অঞ্চলের অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কর্মরত। কূটনীতি ও পররাষ্ট্র নীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি, তারা যেন নিরাপদে থাকতে পারেন। প্রয়োজনে সুস্থভাবে দেশে ফিরতে পারেন। একই সঙ্গে আমরা চাই যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হোক, কারণ এই বৈশ্বিক সমস্যার একমাত্র সমাধান কূটনৈতিক আলোচনা। তিনি আরও বলেন, আমার কাছে কখনো ভেদাভেদ ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমার বাবা কেএম ওবায়দুর রহমান সবার সেবা করে গেছেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যতদিন তৌফিক দিয়েছেন আপনারা যদি সহায় হোন আমি আপনাদের জন্য সেবা করে যাবো ইনশাআল্লাহ। তিনি বলেন, এখন দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের উন্নয়ন করতে হবে। এখন ঝগড়া-বিবাদ করার সময় না, কাজ করার সময়। যে কাজ করলে আমাদের ভাই-বোনরা ভবিষ্যতের কথা চিন্তা করতে পারবে সেই কাজ করার সময়। গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার প্রমুখ। এন কে বি নয়ন/এমএন/এমএস

Share this post: