নাসা গ্রুপের নজরুলকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো
2026-03-15 - 13:33
রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত। রোববার (১৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী সাইদুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে এরই মধ্যে ২০টির বেশি মামলা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান গত ১১ মার্চ তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনের সময় হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত ও গুলি চালিয়ে কয়েকজনকে আহত করার ঘটনায় নজরুল ইসলাম মজুমদারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তদন্তে আরও উঠে এসেছে, মামলার অন্যান্য আসামিদের তিনি আর্থিক সহায়তা ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করেন। এর জেরে ১৮ জুলাই থেকে শিক্ষার্থীদের মিছিল দমন শুরু হয়। সেদিন মামলার এজাহারভুক্ত ও অজ্ঞাত আসামিরা বাদী রোহান ও তার বন্ধুদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে তারা গুরুতর আহত হন। এর আগে ২০২৪ সালের ১ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তিনি কারাগারে আছেন। এমডিএএ/ইএ