TheBangladeshTime

প্রিয় বিড়ালকে বাঁচাতে গিয়ে তিন তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

2026-03-23 - 11:01

তিন তলার ছাদের ঝুঁকিপূর্ণ স্থান থেকে পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে বন্যা কস্তা (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর শাহজাদপুর এলাকায় নিজ ভাড়া বাসার ছাদে এই দুর্ঘটনা ঘটে। নিহত বন্যা কস্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের সুশান্ত কস্তার মেয়ে এবং একই ইউনিয়নের বোর্ণী টুনিপাড়ার শোভন পালমার স্ত্রী। বন্যা কস্তার ফুফু লাভলী কস্তা জানান, ঢাকার শাহজাদপুরে বন্যা কস্তা তার স্বামীসহ একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। তারা নিঃসন্তান দম্পতি এবং তিনতলাতেই থাকতেন। ভোরে ঘরের ভিতর পোষা বিড়ালটি দেখতে না পেয়ে ছাদে যায় খুঁজতে। সেখানে বিড়ালটি ঝুঁকিপূর্ণ স্থানে দেখতে পেয়ে তাকে হাত দিয়ে নামাতে গেলে পা পিছলে নিচে পড়ে যায় বন্যা। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুল ছালাম জানান, রাজধানীর শাহজাদপুরে বন্যা কস্তার দুর্ঘটনাজনিত মৃত্যুর সংবাদটি শুনেছি। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষ করে তাকে বড়াইগ্রামের নিজ বাড়িতে আনা হবে ও স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে সমাহিত করা হবে। রেজাউল করিন রেজা/কেএইচকে/এএসএম

Share this post: