ঝিনাইদহে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ আটক ২
2026-03-18 - 16:11
ঝিনাইদহের মহেশপুরে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে প্রতারণার অভিযোগে হাসান কবির (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (১৮ মার্চ) উপজেলার বাঘাডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আরও একজনকে আটক করেছে পুলিশ। আটক হাসান কবির যশোরের চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের আলি হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন দিন আগে তিনি আত্মীয় পরিচয়ে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের জিনজিরা পাড়ায় জলিল হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে অবস্থান করে তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিতে শুরু করেন। অভিযোগ রয়েছে, ওই গ্রামের বাসিন্দা মোজাম্মেল হোসেনের একটি মামলা নিষ্পত্তির কথা বলে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেন হাসান কবির। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে তারা খোঁজখবর নিতে শুরু করেন। একপর্যায়ে তার পরিচয় ভুয়া বলে নিশ্চিত হন এলাকাবাসী। এরপর স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেন এবং পরে মহেশপুর থানায় খবর দিলে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ডিবি পরিচয়ে প্রতারণার সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে খোসালপুর গ্রামের মারুফত আলী নামের আরেক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এম শাহাজান/কেএইচকে/এএসএম