ঈদের কেনাকাটা: মধ্য রাতেও নিউমার্কেটে উপচে পড়া ভিড়
2026-03-17 - 23:10
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন শপিং মল ও বিপণিবিতানে কেনাকাটা জমে উঠেছে। এরই ধারাবাহিকতায় ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে নিউমার্কেট এলাকায়। শুধু দিনের বেলাতেই নয়, গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা। পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে আসা অনেকেই বাড়িতে ফিরছেন সেহরি সেরেই। মঙ্গলবার (১৭ মার্চ) দিনগত রাতে সরেজমিনে নিউমার্কেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। রাত সাড়ে ৩টার দিকেও নিউমার্কেটের কাপড়ের দোকানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। অনেকে দিনের ব্যস্ততা এড়াতে রাতে কেনাকাটা করতে এসেছেন বলে কথা বলে জানা গেছে। বিক্রেতারা বলছেন, এবার ঈদকে কেন্দ্র করে তাদের বিক্রি বেশ ভালো হয়েছে। গত কয়েকদিন ধরে ক্রেতাদের চাপ বেড়েছে, যা শেষ মুহূর্তে আরও তীব্র আকার ধারণ করেছে। অনেক দোকানে নতুন ডিজাইনের পাঞ্জাবি, শাড়ি ও থ্রি-পিসের ব্যাপক চাহিদা দেখা গেছে। নিউমার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যা কমার পরিবর্তে বরং বাড়ছে। এতে করে দোকান খোলা রাখতে হচ্ছে গভীর রাত পর্যন্ত। তবে বিক্রি ভালো হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে সন্তোষ বিরাজ করছে। পছন্দের পোশাক দেখছেন ক্রেতারা/ছবি: জাগো নিউজ নিউমার্কেটের ধানমন্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ী সুরুজ আলী বলেন, এবার আশা অনুযায়ী বিক্রি করতে পেরেছি। দিনের চাইতে রাতে এখন কাস্টমার বেশি। চাঁদরাত পর্যন্ত কেনাকাটা চলবে। এখন অনেকেই রাতে কেনাকাটা করতে পছন্দ করেন। আমরা সারারাত মার্কেট খোলা রাখবো। গ্লোব সুপার মার্কেটের বিক্রেতা রিমন মাদবর বলেন, ভোররাত পর্যন্ত কাস্টমারের ভিড় থাকবে। অনেকেই শপিং করে সেহরি খেয়ে বাসায় যাবে। ঈদ যত এগিয়ে আসে আমাদের রাতের কেনাকাটা তত বাড়তে থাকে। এবার ঈদের বাজার বেশ জমজমাট হয়ে উঠেছে। মিরপুর থেকে কেনাকাটা করতে বসা সাহনাজ বলেন, দিনের বেলা জ্যাম থাকে, রোজা রেখে মার্কেট করা কষ্টকর তাই রাতে পরিবারসহ এসেছি। দেখে শুনে সময় নিয়ে কেনাকাটা করেছি। রাতের পরিবেশ বেশ ভালো। আজ বাইরে সেহরি করে ভোরে বাসায় চলে যাবো। আরেক ক্রেতা লিমন আহমেদ বলেন, বুধবার অফিস করে ছুটি পাবো, তাই আজই কেনাকাটা সেরে ফেললাম। অফিস শেষ করেই ঈদ করতে বাড়ির দিকে রওয়ানা হবো। তাছাড়া রাতে কেনাকাটা করতে বেশ ভালো, রাস্তায় ভিড় কম থাকে। এদিকে ক্রেতাসাধারণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। সব মিলিয়ে, ঈদকে ঘিরে রাজধানীর নিউমার্কেট এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এনএস/এমএমকে