TheBangladeshTime

চাঁদাবাজি নির্মূল ও ১০-১৫ বছরের বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কাজ চলছে

2026-02-26 - 11:44

দ্রব্যমূল্য যাতে কৃত্রিমভাবে বাড়ানো না হয় এবং এ খাতে দীর্ঘ ১০-১৫ বছরের সিন্ডিকেট ভেঙে দেওয়া যায়- সে লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সারাদেশে চাঁদাবাজি নির্মূলসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালনা পর্ষদের সদস্যরা সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রেখে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত করা। আমাদের অগ্রাধিকারের মধ্যে আরও রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা। তিনি বলেন, দ্রব্যমূল্য যাতে কৃত্রিমভাবে বাড়ানো না হয় এবং এ খাতে দীর্ঘ ১০-১৫ বছরের সিন্ডিকেট ভেঙে দেওয়া যায়- সে লক্ষ্যে আমরা কাজ করছি। গতানুগতিক পন্থা অবলম্বন না করে নতুন বা সৃজনশীল পন্থায় ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে। মন্ত্রী আরও বলেন, আমরা পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। সেজন্য সারাদেশে চাঁদাবাজি নির্মূলসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রথমে বিভাগীয় বা বড় শহর থেকে এ কার্যক্রম শুরু করা হবে। এজন্য প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার প্রয়োজন। বৈঠকে ডিসিসিআই’র সভাপতি তাসকীন আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণ, চাঁদাবাজি প্রতিরোধ ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে ডিসিসিআই’র জ্যেষ্ঠ সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালেম সোলায়মান, সচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন। টিটি/এমআইএইচএস/

Share this post: