TheBangladeshTime

নাটোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেলো বাবার, ছেলে গুরুতর আহত

2026-03-16 - 23:04

নাটোর শহরের কান্দিভিটা এলাকার কদমতলা মোড়ে দুর্বৃত্তদের হামলায় আবুল কালাম আজাদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় তার ছেলে মাহমুদ কাউসার (২৫) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে কদমতলা মোড়ে চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে দেখতে পান ১০-১২ জন যুবক আবুল কালাম ও তার ছেলের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে। হামলাকারীদের মধ্যে একই এলাকার আলামিন, হামজা ও ইমনের নাম উঠে এসেছে। হামলাকারীরা তাদের দুজনকে এলোপাতাড়ি মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী নিয়ে যাওয়ার পথে রাত ১টা ১০ মিনিটের দিকে তালাইমারি এলাকায় আবুল কালাম আজাদের মৃত্যু হয়। আহত ছেলে কাওসার মাহমুদকে রাতেই রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নাটোর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখনো কোনো মামলা দায়ের না হলেও পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। রেজাউল করিম রেজা/কেএইচকে

Share this post: