TheBangladeshTime

ব্রাহ্মণবাড়িয়ায় দুই জ্বালানি দোকানিকে জরিমানা

2026-03-24 - 01:00

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ। অভিযানের সময় একাধিক বিক্রেতা দোকান বন্ধ করে পালিয়ে যান। এসময় একটি হোটেলকেও জরিমানা করা হয়। অভিযান সূত্র জানায়, পৌর শহরের বাইপাস মোড়ে অবৈধভাবে বেশি দামে অকটেন বিক্রির দায়ে মেসার্স নাজিম এন্টারপ্রাইজের মালিক মো. মোতালিবকে পাঁচ হাজার টাকা ও একই অপরাধে দেবগ্রাম এলাকার শেখ এন্টারপ্রাইজের মালিক শেখ মোহাম্মদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে ‘মা-বাবার দোয়া হোটেল ও রেস্তোরাঁ’-এর মালিক মো. বিল্লালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ জানান, ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য সহনীয় রাখতে এ অভিযান চালানো হয়েছে। পাশাপাশি রেস্তোরাঁয়ও অভিযান পরিচালনা করা হয়। আবুল হাসনাত মো. রাফি/এমআইএইচএস

Share this post: