TheBangladeshTime

ঈদের ছুটিতে যমুনার পাড়সহ বিনোদন কেন্দ্রে ভিড়

2026-03-23 - 10:21

ঈদের ছুটিতে টাঙ্গাইলে যমুনা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণপিপাসুদের ভিড় দেখা গেছে। যমুনার সৌন্দর্য, সূর্যাস্ত ও যমুনা সেতু দেখার জন্য দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। এছাড়াও জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় দেখা গেছে। এসব বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার-পরিজন নিয়ে ভিড় করছেন দর্শনার্থীরা। বিভিন্ন বয়সি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দর্শনীয় স্থানগুলো। জানা যায়, ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে পরিবারের সদস্যদের নিয়ে যমুনা সেতু ও যমুনা পাড়ে ঘুরতে এসেছেন হাজারো দর্শনার্থী। লেগুনা, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাযোগে সেতু এলাকায় ঘুরেছেন তারা। এদিকে যমুনা সেতুর পাশে ‘যমুনা রেল সেতু’। অনেকে রেল সেতুটিও দেখতে ভিড় করেছেন। যমুনা ও রেল সেতুর নিচ দিয়ে চলন্ত নৌকায় বেড়ানো যেন আনন্দ বাড়িয়ে দিয়েছে ঘুরতে আসা দর্শনার্থীদের। এতে নদীতে ঘুরতে জনপ্রতি নেওয়া হচ্ছে ৫০ টাকা করে। এছাড়া যমুনার পাড়ে বসানো হয়েছে বিভিন্ন দোকানের পসরা। জেলা শহর ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা যমুনা সেতু দেখার জন্য আসছেন। এছাড়া জেলার মহেড়া জমিদার বাড়ি, টাঙ্গাইল রেলস্টেশন, ডিসি লেক ও এসআরপি পার্কে ভিড় লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা যায়, পরিবার-পরিজন নিয়ে দর্শনার্থীরা বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন। কেউ নৌকা ভাড়া করে যমুনা নদীতে সেতু দেখতে ঘুরছেন। আবার কেউ কেউ নাগরদোলাসহ বিভিন্ন রাইডে ঘুরছেন। ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, পরিবার-পরিজন নিয়ে বেড়ানোর জন্য যমুনা নদীর পাড় খুব সুন্দর। এখানকার পরিবেশ অনেক সুন্দর। তবে এখানে বসার ব্যবস্থা থাকলে আরও জমজমাট হতো। সব মিলিয়ে আমাদের অনেক ভালো লাগছে। সেতুর পার এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি করছি। দর্শনার্থী রবিউল ইসলাম জাগো নিউজকে বলেন, ঈদের ছুটিতে যমুনা পাড়ে ঘুরতে এসে খুব ভালো লাগছে। এখানকার পরিবেশ অনেক ভালো ও মনোমুগ্ধকর। কাজের ফাঁকে সেতু এলাকায় ঘুরতে আসি। এখানে পুরাতন একটি শিশু পার্ক রয়েছে, সেটি পুনরায় চালু করার দাবি করছি। আরেক দর্শনার্থী নিশাত জাগো নিউজকে বলেন, আমরা স্বামী ও বাচ্চাকে নিয়ে ঘুরতে এসেছি। যমুনার পাড় অনেক সুন্দর। অনেক মানুষ এখানে ঘুরতে আসছে। শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো লাগে। দর্শনার্থী মজিবুর রহমান জাগো নিউজকে বলেন, টাঙ্গাইলে বিনোদনের জন্য তেমন স্থান নেই। তবে যমুনা নদীতে ঈদের মধ্যে অনেক মানুষজন ঘুরতে আসে। এখানে বসার কোনো ব্যবস্থা নেই। বসার ব্যবস্থা হলে দর্শনার্থীদের আরও আগমন হবে। ঘুরতে আসা শিশু মিম আক্তার জাগো নিউজকে বলে, বাবা-মায়ের সঙ্গে যমুনা সেতু ও রেল সেতু দেখতে এসেছি। এসে খুব ভালো লেগেছে। আরেক শিশু ইসফাত ফারিয়া জাগো নিউজকে বলে, এখানে সেতু, নৌকা দেখে ভালো লেগেছে। তবে নৌকায় উঠে আমাদের বেশি ভালো লেগেছে। নৌকার মাঝি শহিদুল জাগো নিউজকে বলেন, অন্য সময়ে লোকজনের সমাগম কম হয়। ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে আমরা ব্যস্ত সময় পার করছি। জনপ্রতি নৌকা ভাড়া ৫০ টাকা করে নিচ্ছি। দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় করছেন। আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/এএসএম

Share this post: